আধুনিক কৃষি প্রযুক্তিতে পেঁয়াজ ও মরিচ চাষে নতুন সম্ভাবনা
কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। তবে জলবায়ু পরিবর্তন, উৎপাদন ব্যয় বৃদ্ধি, রোগবালাই ও অনিয়মিত আবহাওয়ার কারণে কৃষকদের প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু কৃষি প্রযুক্তি কৃষকের জন্য তৈরি করছে নতুন সম্ভাবনা।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নয়াহাটা গ্রামে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের 'এগ্রি মর্ডান ভিলেজ' প্রকল্পের আওতায় এমনই কিছু আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ ও প্রদর্শনী চলছে। এর মাধ্যমে কৃষকদের প্রচলিত চাষাবাদ থেকে আধুনিক ও অধিক ফলনশীল পদ্ধতির দিকে উৎসাহিত করা হচ্ছে।

পেঁয়াজ চাষে আধুনিকতার ছোঁয়া
নওহাটা গ্রামের কৃষকদের আয়ের অন্যতম উৎস পেঁয়াজ চাষ। কিন্তু প্রচলিত পদ্ধতিতে অতিরিক্ত শ্রম, অনিয়মিত সেচ, বেশি উৎপাদন খরচ এবং তুলনামূলক কম ফলন ছিল কৃষকদের বড় সমস্যা।
এই সমস্যা মোকাবিলায় স্থাপন করা হয় পেঁয়াজের আধুনিক চাষ পদ্ধতির প্রদর্শনী প্লট। উন্নত জাতের বীজ, সারিবদ্ধ চাষ, সুষম সার প্রয়োগ, আধুনিক সেচব্যবস্থা এবং নিয়মিত কারিগরি পরামর্শের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে প্রযুক্তিগুলো দেখানো হয়।
এর সুফলও মিলেছে। আধুনিক পদ্ধতিতে পেঁয়াজের ফলন বিঘাপ্রতি ১০–১২ মণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। শুধু ফলন নয়, পেঁয়াজের আকার ও গুণগত মান বেড়েছে। ফলে কৃষকের বাজারমূল্য ও লাভের সম্ভাবনাও তৈরি হয়েছে নতুনভাবে।

মরিচ চাষে মালচিং প্রযুক্তির নতুন অভিজ্ঞতা
নওহাটা গ্রামে প্রথমবারের মতো মরিচ চাষে মালচিং প্রযুক্তির প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। স্থানীয় কৃষকদের কাছে এটি ছিল নতুন একটি চাষাবাদ পদ্ধতি।
এ এলাকায় দীর্ঘদিন ধরে মরিচের পাতা কুঁকড়ানো রোগ কৃষকদের জন্য বড় সমস্যা ছিল। রোগের কারণে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতো এবং ফলন উল্লেখযোগ্যভাবে কমে যেত। কিন্তু চলতি মৌসুমে মালচিং প্রযুক্তি ব্যবহৃত প্লটে রোগের প্রকোপ খুবই কম দেখা গেছে।
মালচিং পেপার জমির ওপর একটি সুরক্ষামূলক আবরণ তৈরি করে। এতে আগাছার বৃদ্ধি কমে যায়। ফলে নিড়ানি ও আগাছা পরিষ্কারে অতিরিক্ত শ্রমের প্রয়োজন হয় না। একই সঙ্গে মাটির আর্দ্রতা দীর্ঘসময় ধরে রাখা যায় এবং সেচের পানির অপচয়ও কমে।

মাত্র ৫ হাজার টাকা অতিরিক্ত বিনিয়োগে বড় পরিবর্তন
মালচিং প্রযুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, অতিরিক্ত বিনিয়োগ তুলনামূলক কম হলেও এর সুফল অনেক বেশি।
এক বিঘা জমিতে প্রচলিত পদ্ধতিতে খরচ ছিল প্রায় ৫৫ হাজার টাকা। অন্যদিকে মালচিং পদ্ধতিতে বিনিয়োগ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। অর্থাৎ অতিরিক্ত বিনিয়োগ মাত্র ৫ হাজার টাকা।
কিন্তু এই অতিরিক্ত বিনিয়োগের ফলে উৎপাদন ২,০০০ কেজি থেকে বেড়ে হয়েছে ৩,০০০ কেজি। একই সঙ্গে নিট লাভ ৪০ হাজার টাকা থেকে বেড়ে প্রায় ৯৫ হাজার টাকায় পৌঁছেছে।
এই হিসাব কৃষকদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে যে, আধুনিক প্রযুক্তিতে সামান্য অতিরিক্ত বিনিয়োগ করেও উৎপাদন ও লাভ উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।
কৃষকের আগ্রহ বাড়ছে
নওহাটা গ্রামের প্রদর্শনী প্লটগুলো শুধু উৎপাদনের ফলাফল দেখাচ্ছে না, কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে আত্মবিশ্বাসও তৈরি করছে। মাঠে চোখের সামনে ফলাফল দেখতে পাওয়ায় কৃষকদের মধ্যে আধুনিক মরিচ চাষ ও মালচিং প্রযুক্তি ব্যবহারের আগ্রহ বাড়ছে।
পেঁয়াজে উন্নত চাষ পদ্ধতি এবং মরিচে মালচিং এই দুই উদ্যোগ দেখাচ্ছে, সঠিক প্রযুক্তি, কারিগরি পরামর্শ ও কৃষকের আগ্রহ একসঙ্গে কাজ করলে সীমিত জমিতেও উৎপাদন ও আয় বাড়ানো সম্ভব।
আধুনিক প্রযুক্তির লক্ষ্য শুধু বেশি ফলন নয়, কম অপচয়, কম শ্রম, সাশ্রয়ী উৎপাদন এবং কৃষকের জন্য আরও বেশি লাভ নিশ্চিত করা। নয়াহাটার কৃষকদের অভিজ্ঞতা সেই সম্ভাবনারই একটি বাস্তব উদাহরণ।