ডিজিটাল পথচলা হোক সবার জন্য সহজ

তারিখ: 19 মে 2026

লেখক: ডিজঅ্যাবিলিটি ইনক্লুশন ইউনিট, ব্র্যাক

একসময় ফোনে কথা বলতে হলে বাড়ি বা অফিসের একটি নির্দিষ্ট জায়গায় যেতে হতো। কারণ টেলিফোন ছিল তারের মাধ্যমে যুক্ত। সেই সময়ের ফোনকে আমরা ল্যান্ডফোন বলতাম। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে এলো মোবাইল ফোন, আর যোগাযোগ চলে এলো মানুষের হাতের মুঠোয়। পরে মোবাইল ফোনে ইন্টারনেট যুক্ত হওয়ায় শুধু কথা বলাই নয়, দূরের মানুষকে সরাসরি দেখাও সম্ভব হলো।

ফোনের এই বদল আসলে আমাদের সময়ের বড় পরিবর্তনের একটি ছোট উদাহরণ। শুধু যোগাযোগ নয়, জীবনের প্রায় সকল ক্ষেত্রেই এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব দৃশ্যমান। এই পরিবর্তন আমাদের জীবনকে সহজ করেছে। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রযুক্তির গুরুত্ব আরও বেশি। কারণ প্রযুক্তি তাদের জন্য অনেক সময় শুধু সুবিধা নয়, স্বাধীনতার পথও তৈরি করে।

যেমন ধরুন স্ক্রিন রিডিং সফটওয়্যার দৃষ্টি প্রতিবন্ধী মানুষের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এর মাধ্যমে তারা কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহার করতে পারেন। ভিডিও শ্রবণ প্রতিবন্ধী মানুষের যোগাযোগ সহজ করেছে। চলাচলে অসুবিধা আছে এমন মানুষের জন্য তৈরি হয়েছে ফ্রিল্যান্সিং ও অনলাইন ব্যবসার সুযোগ।

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ নানা ধরনের শারীরিক, দৃষ্টিগত, শ্রবণ বা মানসিক চ্যালেঞ্জ নিয়ে প্রযুক্তি ব্যবহার করেন। তাই ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, অনলাইন সেবা ও ডিজিটাল কনটেন্ট এমনভাবে তৈরি করা জরুরি যেন সবাই সমানভাবে ব্যবহার করতে পারে।

ডিজিটাল অ্যাকসেসিবিলিটির গুরুত্ব এ কারণেই। আমরা যে ওয়েবসাইট ব্যবহার করি, মোবাইল অ্যাপ চালাই, অনলাইন ফর্ম পূরণ করি বা ডিজিটাল ডকুমেন্ট পড়ি, সেগুলো যেন সবাই নিজের মতো করে ব্যবহার করতে পারে, সেটিই ডিজিটাল অ্যাকসেসিবিলিটি।

এর মানে খুবই সহজ। একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি যেন স্ক্রিন রিডারের মাধ্যমে ওয়েবসাইটের তথ্য পড়তে পারে। একজন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি যেন ভিডিওর ক্যাপশন দেখে বিষয়টি বুঝতে পারে। আবার চলাচলে অসুবিধা আছে এমন কেউ যেন ঘরে বসেই প্রয়োজনীয় ডিজিটাল সেবা নিতে পারে। সকলের জন্য প্রযুক্তিকে সহজ ও ব্যবহারযোগ্য করে তোলাই হলো ডিজিটাল অ্যাকসেসিবিলিটির মূল কথা।

সচেতনতা তৈরির উদ্দেশ্যেই প্রতি বছর মে মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী পালিত হয় গ্লোবাল অ্যাকসেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে। এই দিবসের মূল লক্ষ্য হলো ডিজিটাল পৃথিবীকে সকলের জন্য সহজ ও ব্যবহারযোগ্য করে তোলা। দিবসটি আমাদের মনে করিয়ে দেয়, ডিজিটাল সেবা তৈরি করার সময় সব ধরনের ব্যবহারকারীদের কথাই ভাবতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বে ১শ কোটিরও বেশি মানুষ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধিতার সঙ্গে জীবনযাপন করছেন। সেজন্য আমাদের ভাবতে হবে ডিজিটাল সেবাগুলো কি সকলের জন্য সমানভাবে সহজ ও ব্যবহারযোগ্য? নাকি ছোট ছোট কিছু সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ এখনও এসব সেবা থেকে বঞ্চিত হচ্ছেন?

এই ত্রুটিগুলোর অনেকটাই সহজ কিছু পদক্ষেপের মাধ্যমে দূর করা যায়। যেমন :

  • কমপক্ষে ১২ পয়েন্ট বা তার বেশি ফন্ট সাইজ ব্যবহার করা
  • লিংক-এর লেখা সহজ ও স্পষ্ট রাখা
  • লেখা ও ব্যাকগ্রাউন্ডের রঙের মধ্যে পর্যাপ্ত পার্থক্য রাখা যেন সহজে পড়া যায়
  • ছবির সঙ্গে বর্ণনামূলক alt text যোগ করা
  • ভিডিওতে সাবটাইটেল বা ক্যাপশন ব্যবহার করা
  • অনলাইন ফর্মে পরিষ্কার নির্দেশনা ও লেবেল রাখা
  • কিবোর্ড দিয়েও যেন ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করা যায় তা নিশ্চিত করা
  • সহজ ও বোধগম্য ভাষায় কনটেন্ট উপস্থাপন করা

এসব ছোট পদক্ষেপই অনেক মানুষের জন্য বড় পরিবর্তন আনতে পারে।

ব্র্যাকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বর্তমানে ব্র্যাকে বিভিন্ন পর্যায়ে ২৬৬ জন প্রতিবন্ধী ব্যক্তি কর্মরত আছেন। তাদের অংশগ্রহণ, অভিজ্ঞতা ও গঠনমূলক ফিডব্যাক বিভিন্ন ডিজিটাল ও প্রাতিষ্ঠানিক বাধা চিহ্নিত করতে সহায়তা করছে।

ওয়েব অ্যাকসেসিবিলিটি নির্দেশিকা

<h1>
<h2>
<h3>
<h4>
<h5>
<h6>

১. লজিক্যাল
হেডিং কাঠামো

হেডিং H1 থেকে H6 সঠিক ক্রমানুসারে ব্যবহার করুন যেন স্ক্রিন রিডার ব্যবহারকারীরা কনটেন্ট সহজে বুঝতে পারেন

ভালো উদাহরণ
<h1> ডিজিটাল সেবা
<h2> সেবার ধরন
<h3> অনলাইন আবেদন
<h4> যোগাযোগের তথ্য
× খারাপ উদাহরণ
<h1> ডিজিটাল সেবা
<h3> অনলাইন আবেদন
<h2> সেবার ধরন
<h4> যোগাযোগের তথ্য
১   ━━━
২   ━━━
৩   ━━━

২. সামঞ্জস্যপূর্ণ
রিডিং অর্ডার

কনটেন্ট স্ক্রিনে যেভাবে দেখা যায়, কোডেও যেন একই ক্রমানুসারে থাকে

ভালো উদাহরণ
শিরোনাম
মূল তথ্য
আবেদন বাটন
× খারাপ উদাহরণ
আবেদন বাটন
শিরোনাম
মূল তথ্য

৩. পর্যাপ্ত কনট্রাস্ট

টেক্সট ও ব্যাকগ্রাউন্ডের মধ্যে পর্যাপ্ত কনট্রাস্ট রাখুন যেন সবাই সহজে পড়তে পারে

ভালো উদাহরণ
উচ্চ কনট্রাস্ট
সাদা ব্যাকগ্রাউন্ডে
গাঢ় কালো লেখা
× খারাপ উদাহরণ
কম কনট্রাস্ট
সাদা ব্যাকগ্রাউন্ডে
হালকা ধূসর লেখা
Aa

৪. ন্যূনতম ফন্ট
সাইজ ১২ পয়েন্ট

ন্যূনতম ১২ পয়েন্ট বা তার বেশি ফন্ট সাইজ ব্যবহার করুন

ভালো উদাহরণ
এই লেখা ১২ পয়েন্ট
বা তার বেশি
× খারাপ উদাহরণ
এই লেখা ৮ পয়েন্ট
যা অনেকের জন্য পড়তে কঠিন
🔗

৫. স্পষ্ট ও বর্ণনামূলক
লিংক টেক্সট

হাইপারলিংক করা টেক্সট এমনভাবে লিখুন যেন ব্যবহারকারী ক্লিক না করেও ধারণা পান

ভালো উদাহরণ
অ্যাকসেসিবিলিটি
নির্দেশিকাটি পড়তে
ক্লিক করুন
× খারাপ উদাহরণ
ক্লিক করুন

এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্র্যাক ডিজিটাল সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও অ্যাকসেসিবল করার দিকে এগিয়ে যাচ্ছে। ব্র্যাকের ওয়েবসাইট, ক্যারিয়ার পোর্টাল ও স্টাফ সার্ভিসসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন বিবেচনায় নিয়ে অ্যাকসেসিবিলিটি টুল সংযোজন করা হচ্ছে।

তবে এটি একদিনের কাজ নয়। সবার জন্য ডিজিটাল পথচলা সহজ করতে প্রযুক্তির পাশাপাশি আমাদের ভাবনাও হতে হবে অন্তর্ভুক্তিমূলক।

ডিজিটাল প্ল্যাটফর্ম, যোগাযোগমাধ্যম এবং কর্মক্ষেত্রের প্রযুক্তি এমনভাবে তৈরি ও ব্যবহার করা জরুরি যেন কেউ বাদ না পড়ে। আমাদের মনে রাখতে হবে, একটি দুর্বোধ্য সেবা প্রক্রিয়াও বৈষম্যের আরেক রূপ হতে পারে।

অ্যাকসেসিবিলিটি শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি সমান অধিকার ও অন্তর্ভুক্তিরও গুরুত্বপূর্ণ অংশ। ছোট ছোট সচেতন উদ্যোগই ডিজিটাল বিশ্বকে আরও মানবিক, সহজলভ্য ও সবার জন্য উন্মুক্ত করে তুলতে পারে।